Friday, January 15, 2016

রাঙ্গুনিয়ার পারুয়ায় রাবার ড্যাম বদলে দিয়েছে ৫ ইউনিয়নের চাষাবাদ




জগলুল হুদা, রাঙ্গুনিয়া : চট্টগ্রামের রাঙ্গুনিযা উপজেলার পারুয়া ইউনিয়রে ৪নং ওয়ার্ডের পারুয়া ইছামতি নদীর উপর নির্মিত রাবার ড্যামের উদ্ধোধন আগামী ১৬ জানুয়ারী।  রাবার ড্যামটির আনুষ্ঠানিক উদ্ধোধন করবেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। এদিকে পারুয়া ইছামতি নদীর উপর গড়ে উঠা রাবার ড্যামটি বদলে দিয়েছে ৫ ইউনিয়নের মানুষের সার্বিক চিত্র। নতুন রাবার ড্যামের কারণে ইউনিয়নগুলোর ২ হাজার একর অনাবাদি জমিতে বর্তমানে নতুনভাবে চাষাবাদ হচ্ছে। এছাড়াও পারুয়া ইউনিয়নের সঙ্গে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন, লালানগর ইউনিয়ন, ইসলামপুর ইউনিয়ন ও রাজানগর ইউনিয়নের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হয়েছে। এছাড়াও রাবার ড্যামের সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতিদিন দূর-দূরান্ত থেকে শত শত পর্যটকদের উপস্থিতি চোখে পরার মতো। রাবার ড্যাম হওয়ার আগে ৫টি ইউনিয়নের ২ হাজার একর জমি অনাবাদি থাকত। এসব এলাকার জমিতে চাষাবাদ থেকে বঞ্চিত ছিল শত শত কৃষক। এখন অনাবাদি জমিতে কৃষিকাজ ও সবজি চাষাবাদে এলাকার আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে পরিবর্তন হতে শুরু করেছে। রাবার ড্যাম ও ব্রিজ নির্মিত হওয়ায় এলাকার কৃষক সমাজ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী নতুনভাবে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে। ইছামতি রাবার ড্যাম এলাকার বিস্তীর্ণ অংশে মৎস্য চাষে অপার সম্ভাবনার দ্বার উম্মোচন হয়েছে। রাবার ড্যাম প্রকল্প পরিচালক বিএডিসির চিফ ইঞ্জিনিয়ার মো. হাফিজ উল্লাহ জানান, কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সার্বিক তত্ত্বাবধানে জলবায়ু ট্রাস্টের অর্থায়নে ১৪ কোটি টাকা ব্যয়ে পারুয়া সৈয়দ নগর এলাকায় রাবার ড্যাম প্রকল্প শুরু হয়। পুরো কাজ শেষ হওয়ায় এলাকার হাজার মানুষের ভাগ্য পরিবর্তনে ব্যাপক ভূমিকা রাখছে এবং কৃষিকাজে অভূতপূর্ব বিপ্লব ঘটতে শুরু করেছে।


No comments:

Post a Comment