এশিয়া কাপের ফাইনালে একটা আপসেটের অপেক্ষায় এখন বাংলাদেশ ক্রিকেট দলের কোটি কোটি সমর্থক।
রোববার ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ খেলবে ভারতের বিরুদ্ধে। এর আগে টুর্ণামেন্টের ওপেনিং ম্যাচে বাংলাদেশকে ৪৫ রানে হারিয়েছিল ভারত। এবারের টুর্ণামেন্টে তারা টপ ফেভারিট।
কিন্তু গত বুধবার যেভাবে বাংলাদেশ নাটকীয়ভাবে পাকিস্তানকে হারিয়েছে, তার পর থেকে বাংলাদেশ দল এখন নতুন শক্তিতে উজ্জীবিত। সেদিনের জয়ের পর বাংলাদেশ জুড়ে উল্লাসে ফেটে পড়েছিলেন দলের সমর্থকরা।
ভারতীয় ক্রিকেট অধিনায়ক এম এস ধোনি স্বীকার করছেন ফাইন্যালে বাংলাদেশকে হারানো অত সহজ হবে না।
“যে কোন ভালো দল, তারা যদি নিজেদের মাঠে খেলে, তারা খুব ভালো করেই জানে মাঠের কন্ডিশন। কাজেই স্বাগতিক টিমকে হারানো সবসময়েই কঠিন।”
এম এস ধোনি ঢাকায় সাংবাদিকদের আরও বলেন, “গত কয়েক বছরে বাংলাদেশ দলের অনেক উন্নতি ঘটেছে। তাদের শক্তি অনেক বেড়েছে।”
টি-টুয়েন্টিতে ভারত এখন ভালো ফর্মে আছে। গত দশটি টি-টুয়েন্টি ইন্টারন্যাশনালের নয়টিতেই তারা জিতেছে। কিন্তু তারপরও এম এস ধোনি মনে করেন না যে তারাই জয় পেতে যাচ্ছেন এটা ধরে নেয়া ঠিক হবে। কারণ টি-টুয়েন্টির মতো শর্ট ফর্মের ক্রিকেটে অনিশ্চয়তা আরও বেশি।
বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ অবশ্য ভারতকে রোববারের ম্যাচে নাকানি-চোবানি খাওয়াতে দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি ঢাকায় রিপোর্টারদের বলেন, “ভারত যে এখন বিশ্বের সেরা দলগুলোর একটি তাতে কোন সন্দেহ নেই। কিন্তু আমরা যদি আমাদের সম্ভাবনাকে কাজে লাগাই, ভালো কিছু ঘটতে পারে। আমি বলবো এটা একটা ফিফটি-ফিফটি গেম।”
অন্যদিকে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি মর্তুজা তার খেলোয়াড়দের তাদের স্বাভাবিক খেলা উপহার দেয়ার আহ্বান জানিয়েছেন।
ফাইনালে আমরা আমাদের সবচেয়ে ভালো খেলাটাই খেলার চেষ্টা করবো। যদি আমরা তা খেলতে পারি, এটা একটা দারুণ ম্যাচ হবে।”

No comments:
Post a Comment