Saturday, March 12, 2016

জীবনের জন্য শিল্পীর সংগ্রাম

অগ্রদৃষ্টি.কমঃ  গ্যালারিতে ঢুকতেই দক্ষিণ দেয়ালে ঝোলানো চারটি চিত্রকর্মের দিকে চোখ পড়ল। এগুলোর আঁকিয়ে মাসুদা আহমেদ। তবে তরুণ এই চিত্রকরকে সবাই চেনেন সাথী নামেই। প্রথম ছবিতে দেখি স্বচ্ছ নদীর জলের ভেতরে এক তরুণীর ডুব দেওয়ার দৃশ্য। জলে ভাসার চকিত চমক তরুণীর চোখেমুখে এমন এক ঘোরলাগা আবহ দিয়েছে, যা দর্শক-দৃষ্টিকে আকর্ষণ করে বারবার। তাঁর আরেকটি কাজে ফুটে উঠেছে পাহাড়ি পথ বেয়ে ছুটে চলা ঝরনার অনাবিল সৌন্দর্যময় প্রশান্তি। অথচ এই শিল্পী শরীরে এখন বাসা বেঁধেছে ঘাতক ব্যাধি কর্কট। এ কারণে বিপর্যস্ত তাঁর ব্যক্তিজীবনও। তবু জীবনঘাতী এই রোগের বিরুদ্ধে মাসুদা লড়াই করছেন।
জীবনের জন্য শিল্পীর এই সংগ্রামে সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশের অর্ধশতাধিক প্রবীণ-নবীন শিল্পী। তাঁদের শিল্পকর্ম নিয়ে ৪ মার্চ ঢাকার ধানমন্ডির দৃক গ্যালারিতে ‘ছন্দিত বর্ণের নিভৃত কথন’ শিরোনামে আয়োজন করা হয়েছে বিশেষ প্রদর্শনী।
এই আয়োজনে চিত্রকর্ম দিয়েছেন বরেণ্য শিল্পী সমরজিৎ রায়চৌধুরী, রফিকুন নবী, মনিরুল ইসলাম, হামিদুজ্জামান খান, সৈয়দ আবুল বার্ক আলভীসহ অর্ধশতাধিক শিল্পী।
‘গঠন’ শীর্ষক ছবিতে এচিং মাধ্যমে মনোক্রম রঙে সমরজিৎ রায়চৌধুরী তুলে ধরেছেন বন-বনানীময় প্রকৃতির নিবিড় প্রতীমা। রফিকুন নবী লিথোগ্রাফে সাদা-কালোয় দুপুরবেলায় কয়েকটি কাকের অলস অবসর তুলে ধরেছেন মনোগ্রাহী অঙ্কন ও গঠনে। বলা ভালো, জয়নুল আবেদিনের আঁকার প্রিয় একটি চরিত্র ছিল কাক। নগর ভাগাড়ের ময়লা-ঘাঁটা সেই কাককে আরও সুরূপে ছাপচিত্রে হাজির করেছেন রফিকুন নবী।
তাঁরা ছাড়াও অংশগ্রহণকারীর তালিকায় আরও আছেন আবদুল মান্নান, কালিদাস কর্মকার, আবদুস সাত্তার, চন্দ্রশেখর দে, কে এম এ কাইয়ুম, নাজলী লায়লা মনসুর, রণজিৎ দাস, আইভি জামান, জামাল আহমেদ, ঢালী আল মামুন, নাসরীন বেগম, নিসার হোসেন, শেখ আফজাল, শিশির ভট্টাচার্য্য, জাহিদ মুস্তাফা, নাসিমা খানম, লিটন ভূঁইয়া, মীর আহসানুল আলম, সুনীল কুমার, শিশির মল্লিক, উত্তম তালুকদার, রশীদ আমিন, গুপু ত্রিবেদী, মলয় বালা, আবদুস সাত্তার তৌফিক, বিশ্বজিৎ গোস্বামী, কামালুদ্দিন, পীযূষ সরকার, সুলতানা পুতুল, মেহেদী হাসান, সুব্রত দাস, শামিম আকন্দ প্রমুখ। এ প্রদর্শনীর শিল্পকর্মের বিক্রীত অর্থ ব্যয় করা হবে মাসুদা আহমেদ চিকিৎসার্থে।
এই উদ্যোগে দেশ-বিদেশের শিল্পবোদ্ধা, দর্শক, সংগ্রাহকসহ সবাইকে যাঁর যাঁর ক্ষেত্র থেকে এগিয়ে এসে ছবি কেনার জন্য আহ্বান জানিয়েছেন মাসুদার সতীর্থ শিল্পীরা। প্রদর্শনীটি চলবে ১২ মার্চ অবধি।

No comments:

Post a Comment