ঢাকা: গৃহকর্মী জান্নাত আক্তার শিল্পী (১৭) হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদে কৃষ্ণকলির স্বামী খালিকুর রহমানের কাছে থেকে কোন তথ্য পায়নি পুলিশ।
দু’দিনের রিমান্ড শেষে রোববার (২৭ মার্চ) সকালে আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন, জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা শেরে বাংলানগর থানার উপ-কমিশনার (এসআই) সুশিল কুমার বর্মন।
তিনি বলেন, যেহেতু ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়া যায়নি- তাই এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত তাকে যেন জামিন না দেওয়া হয়- আদালতে সে আরজি জানানো হয়েছে।
সুশিল কুমার আরও বলেন, দু’দিনের রিমান্ডে খালিকুরের কাছ কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি হত্যার বিষয়ে মুখ খোলেননি।
জান্নাতের পরিবারের অভিযোগ, আত্মহত্যা নয়- হত্যা। তাকে হত্যার পরে প্রভাব খাটিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে।
জান্নাতের মা হালেমা খাতুন জানান, আমার মেয়ে যদি আত্মহত্যা করে থাকে, তাহলে ওর শরীরে আঘাতের চিহ্ন কেন? ওরা আমার মেয়েকে গলা টিপে হত্যা করেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।
কৃষ্ণকলির রাজধানীর আগারগাঁওয়ের তালতলার বাসায় দেড় মাস আগে গৃহকর্মী হিসেবে কাজ শুরু করে জান্নাত। গত বুধবার (২৩ মার্চ) ওই বাসা থেকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান খালিকুর রহমান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জান্নাতকে মৃত ঘোষণা করেন।
এ সময় খালিকুর রহমানের মুখে খামচি ও আঁচড়ের দাগ দেখে তাকে আটক করে পুলিশ। পরদিন বৃহস্পতিবার (২৪ মার্চ) সন্দেহজনক ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়। পুলিশ ৫ দিনের রিমান্ডের আবেদন জানালে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এদিকে মেয়ের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার বিকেলে জান্নাতের মা হালিমা খাতুন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেছেন।

No comments:
Post a Comment