Sunday, March 27, 2016

৩১ মার্চ (বৃহস্পতিবার)২য় ধাপে দেশের ৬৪৩ ইউনিয়নে (ইউপি) ভোটগ্রহণ

জাকির সিকদার  : আগামী ৩১ মার্চ (বৃহস্পতিবার)২য় ধাপে দেশের ৬৪৩ ইউনিয়নে (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে ২য় ধাপে যেসব ইউপিতে ভোট হবে সেসব ইউপিতে আগামীকাল সোমবার থেকে মোটর সাইকেল চালনোর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এসব নির্বাচনী এলাকায় মোটর সাইকেল
চালানোর উপর এ নিষেধাজ্ঞা থাকবে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত।
এ বিষয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলেন, ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষ্যে প্রতিবার যান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এবারও তাই করা হয়েছে। এক্ষেত্রে ভোটগ্রহণের পূর্ববর্তী তিন দিন আগে থেকে ভোটের দিন মধ্যরাত ১২টা পর্যন্ত মোটর সাইকেল চালানোর উপর নিষেধাজ্ঞা রাখতে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া ইসির উপ-সচিব মো. সামসুল আলম স্বাক্ষরিত সড়ক বিভাগ, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রণালয় সচিব বরাবর পাঠানো নির্দেশনা থেকে জানা যায়, ভোটের দিনের পূর্ববর্তী রাত ১২টা থেকে গ্রহণের দিন মধ্যরাত ১২টা পর্যন্ত বেবী টেক্সি, অটোরিক্সা, ইজিবাইক, ট্যাক্সী ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিক আপ, কার, বাস, ট্রাক, টেম্পো প্রভৃতি যানবাহন চলাচলে নিষেজ্ঞা আরো করতে বলা হয়েছে। সেই সঙ্গে ভোটগ্রহণের পূর্ববর্তী তিন দিন থেকে ভোটগ্রহণের দিন মধ্যরাত পর্যন্ত মোটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
নির্দেশনায় আরো বলা হয়েছে, রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিল থাকবে। তাছাড়া নির্বাচনে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি/বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারি, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কিছু জরুরী কাজ যেমন- এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি ইত্যাদি কাজে ব্যবহারের জন্য উল্লেখিত যানবাহনের চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকবে না। এছাড়াও নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় মহাসড়ক (হাইওয়ে), বন্দর ও জরুরী পণ্য সরবরাহসহ অনান্য জরুরী প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় যান চলাচলের উপর নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নিতে পারবেন। সড়ক বিভাগ, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রণালয় সচিব বরাবর পাঠানো আরেকটি নির্দেশনায় নৌ-যান চলাচলের উপর নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ভোটের দিনের পূর্ববর্তী রাত ১২টা থেকে গ্রহণের দিন মধ্যরাত ১২টা পর্যন্ত লঞ্চ, ইঞ্জিন চালিত সকল ধরণের নৌ-যান ও স্পিট বোট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করতে বলা হয়েছে। তবে সেখানে সকল ধরণের ইঞ্জিন চালিত নৌ-যান চলাচলে নিষেধাজ্ঞা না দিয়ে শুধু লঞ্চ ও স্পিড বোট চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। ইঞ্জিন চালিত ছোট নৌযান বা জনগণ তথা ভোটারদের চলাচলের জন্য ক্ষুদ্র নৌযান চলাচল নিষেধাজ্ঞার বাইরে রাখতে বলা হয়েছে।
নির্দেশনায় আরো বলা হয়েছে, ভোটার ও জনসাধারণের চলাচলের একমাত্র মাধ্যম হিসেবে সকল নৌ-যান চলাচলের ক্ষেত্রে ও দূর পাল্লার নৌ-যান চলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এদিকে ২য় ধাপের নির্বাচনের ব্যালট পেপারসহ সকল সামগ্রী সোমবার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান ইসির উপসচিব রকিবউদ্দীন মণ্ডল। উল্লেখ্য, গত ২২ মার্চ ৭১২ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইসির ঘোষণা অনুযায়ী প্রথম দ্বিতীয় ধাপে ৩১ মার্চ, তৃতীয় ধাপে ২৩ এপ্রিল, চতুর্থ ধাপে ৭ মে, ৫ম ধাপে ২৮ মে ও ৬ষ্ঠ ধাপে ৪ জুন ভোট হওয়ার কথা রয়েছে।

No comments:

Post a Comment