অগ্রদৃষ্টি ডেস্কঃ ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, সৌদি ই-হজ ম্যানেজমেন্টের সঙ্গে সমন্বয় সাধন এবং বাংলাদেশের হজযাত্রীদের হজে গমন সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ই-হজ্জ সিস্টেম চালু করা হয়েছে। আগামী ২০ মার্চ থেকে এ বছর প্রথমবারের মতো অনলাইনে হজযাত্রীদের প্রাক-নিবন্ধন শুরু হচ্ছে।
ধর্মমন্ত্রী আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী নবম হজ ও ওমরাহ ফেয়ার-২০১৬-এর উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, আজ থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী হজ ও ওমরাহ ফেয়ার-২০১৬ হজযাত্রীদের নানা তথ্য ও সেবা পাওয়ার সুযোগ করে দেবে। হজযাত্রীরা যাতে মধ্যস্বত্বভোগী ও দালালদের প্রতারণার শিকার না হন, সে বিষয়ে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশের হজ ব্যবস্থাপনার সঙ্গে হজ এজেন্সিগুলোর সংগঠন হাব জড়িত। সংগঠনটি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে কাজ করে থাকে। হাবকে তিনি তাদের সক্রিয় ভূমিকার জন্য ধন্যবাদ জানান।
এ সময় মন্ত্রী বলেন, হজযাত্রীরা আল্লাহর মেহমান। তাঁদের ব্যবস্থাপনা করতে বাংলাদেশ ও সৌদি সরকার প্রদত্ত নিয়মনীতি অনুসরণ করতে হবে। তাঁদের যাতায়াত ও থাকা-খাওয়ার ক্ষেত্রে যেন কোনো অসুবিধা না হয়, সেদিকে সবাইকে লক্ষ রাখতে হবে। হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে কোনো প্রকার অনিয়ম দেখা গেলে দায়ী ব্যক্তি, এজেন্সি, কর্মকর্তা-কর্মচারী যিনিই হোন না কেন, তাকে শাস্তির মুখোমুখি হতে হবে।
মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুল জলিল, হজ অফিসের পরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল ও হাবের মহাসচিব শেখ মো. আবদুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment