Monday, March 21, 2016

বাংলালিংক বায়োমেট্রিক সিম ভেরিফিকেশনে কোন গ্রাহকের আঙুলের ছাপ সংরক্ষণ করছে না, গ্রাহকের তথ্য সুরক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ

ঢাকা, ২১ মার্চ, ২০১৬: সরকার ঘোষিত বায়োমেট্রিক সিম রেজিস্ট্রেশনের কাজ এখন পুরোদমে এগিয়ে যাচ্ছে। সরকার ও মোবাইল অপারেটরগুলোর প্রচারণা এবং গ্রাহকদের আগ্রহের কারণে অনেকে আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তাদের সিম নিবন্ধন করিয়ে নিচ্ছেন। সাধারণ মানুষ এটিকে স্বাগত জানিয়েছেন এবং বাংলালিংক ২০১৫ সালের ডিসেম্বরে বায়োমেট্রিক ভেরিফিকেশন চালু করার পর থেকে এখন পর্যন্ত বায়োমেট্রিক ভেরিফিকেশন এক কোটি চল্লিশ লক্ষেরও বেশি ছাড়িয়েছে, যা বাংলালিংকের মোট গ্রাহক সংখ্যার প্রায় ৪০%।
সম্প্রতি আমাদের নজরে এসেছে যে, কয়েকটি অনলাইন পত্রিকা এবং টিভি চ্যানেল বাংলালিংক-এর সিসিও শিহাব আহমাদের একটি সাক্ষাৎকারের অংশ বিশেষ প্রচার করেছে, যা কিছু সংখ্যক পাঠকের মনে বিভ্রান্তির সৃষ্টি করেছে। এ সম্পর্কে বাংলালিংকের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শিহাব আহমাদ বলেন, “বাংলালিংক সম্পুর্ণ বায়োমেট্রিক সিম ভেরিফিকেশন প্রক্রিয়ার কোনো পর্যায়েই গ্রাহকের আঙুলের ছাপ সংরক্ষণ করছে না। কারিগরি প্রক্রিয়ার কোন অংশেই আংগুলের ছাপ সংরক্ষণের কোন সুযোগ/ব্যবস্থা রাখা হয়নি। গ্রাহকের তথ্য সুরক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ডাটা/তথ্য ভেরিফিকেশনের জন্য যে ডিভাইস ব্যবহৃত হচ্ছে এবং যেসব খুচরা বিক্রেতা এই ডিভাইস ব্যবহার করছেন এদের কারও কাছেই ব্যবহারকারীর তথ্য সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই। ডিভাইসে ইনপুট দেবার পর তথ্য নির্বাচন কমিশনের এনআইডি সার্ভারে ভেরিফিকেশনের জন্য চলে যায়। ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হবার পর গ্রাহক ফলাফলের একটি স্বয়ংক্রিয় উত্তর পেয়ে যান। এটি আরও উল্লেখ্য যে, বাংলালিংক বায়োমেট্রিক ভেরিফিকেশন সংক্রান্ত বিটিআরসি’র সকল নির্দেশনা এবং জাতীয় পরিচয় পত্র নিবন্ধন আইন ২০১০-এর অধীনে নির্বাচন কমিশনের সকল প্রয়োজনীয়তা সবসময় মেনে চলছে”। বাংলালিংক তার গ্রাহকদের গোপনীয়তার প্রতি, গোপনীয়তা ও ডাটা/তথ্য সুরক্ষা সংক্রান্ত দেশের আইনসমুহের প্রতি সম্পুর্ণ শ্রদ্ধাশীল। গ্রাহকের তথ্যের গোপনীয়তা এবং সুরক্ষা আমাদের প্রতিষ্ঠানে সর্বোচ্চ গুরুত্ব পায়।

No comments:

Post a Comment