অগ্রদৃষ্টি ডেস্ক:: বাংলাদেশে ইসলামপন্থী রাজনৈতিক দল জামায়াতে ইসলামী তাদের ভাষায় 'সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেবার চক্রান্তের প্রতিবাদে' আগামিকাল সোমবার দেশব্যপী সকাল-সন্ধা হরতালের ডাক দিয়েছে।
দলটির এক বিবৃতিতে আজ এ হরতালের ডাক দেয়া হয়।
বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে অন্তর্ভুক্তির বিধানের বিরুদ্ধে ২৮ বছর আগে যে রিট আবেদন করা হয়েছিল - তার শুনানি রয়েছে আগামিকাল। সেই পটভুমিতেই হরতাল ডেকেছে জামায়াতে ইসলামি।
কয়েকদিন আগেই বাংলাদেশের আরেকটি ইসলামী সংগঠন হেফাজতে ইসলাম - এই রিট আবেদনের বিরুদ্ধে বিক্ষোভ করে।
জেনারেল এরশাদের আমলে ১৯৮৮ সালে অষ্টম সংশোধনীর মাধ্যমে সংবিধানে পরিবর্তন এনে ইসলামকে রাষ্ট্রধর্ম করা হয়।
তবে এর বিরুদ্ধে ১৯৮৮ সালেই এক রিট আবেদন করা হয়, যাতে আবেদনকারীরা বলেছিলেন, এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। সেই আবেদনের ভিত্তিতে কারণ দর্শানোর নোটিশ জারি হলেও কোন শুনানি হয় নি।
১৯৮৮ সালে সেই রিট আবেদন করেছিলেন লেখক, সাহিত্যিক, সাবেক বিচারপতি, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ পনেরো জন বিশিষ্ট নাগরিক। তাদের মধ্যে এখন মাত্র পাঁচজন বেঁচে আছেন, যার একজন শিক্ষাবিদ আনিসুজ্জামান। তিনি বলেছেন, অনেক দেরিতে হলেও তাদের আবেদন শুনানিতে এসেছে, সেজন্য তারা খুশি।
পরে ২০১১ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময় পঞ্চদশ সংশোধনীতে অন্যান্য ধর্মের সমঅধিকারের কথা বলা হলেও ইসলামকেই রাষ্ট্রধর্ম হিসেবে বহাল রাখা হয়।
এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, "সাংবিধানিক কোন বিষয়ে মামলা হলে তাতো ঝুলিয়ে রাখা যাবে না। আদালত যেহেতু আবেদনের ওপর কারণ দর্শানোর নোটিশ জারি করেছে - সেজন্য দেরিতে হলেও শুনানি হচ্ছে।"

No comments:
Post a Comment