Thursday, March 10, 2016

মাটির নিচে শিবিরের গোপন আস্তানা; বোমাসহ আটক ১১

অগ্রদৃষ্টি.কমঃ যশোরের বসুন্দিয়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কার্যালয়ের মাটির নিচে গোপন আস্তানা নির্মাণের সময় ১০টি বোমাসহ ১১ জনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- যশোর সদরের বসুন্দিয়া এলাকার শিবিরকর্মী বিল্লাল হোসেন ও নুরুজ্জামান, স্থানীয় মমতাজ বেকারির মালিক টিটো, কেফায়েত নগর গ্রামের বাদশা, আল-আমিনসহ ১১ জন। অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার দুপুরে যশোর সদর উপজেলার জামায়াত অধ্যুষিত বসুন্দিয়া বাজার মোড়ে শিবিরের কার্যালয়ে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করা হয় বলে জানান, যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন অগ্রদৃষ্টিকে বলেন, এ সময় ১০টি হাতবোমা, বোমা তৈরির সরঞ্জাম ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

ওসি ইলিয়াস হোসেন বলেন, জামায়াত-শিবির বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে বসুন্দিয়া ইউনিয়ন ছাত্র শিবিরের অফিসের মাটির নিচে গোপন আস্তানা নির্মাণ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ওই আস্তানায় অভিযান চালিয়ে প্রথমে বিল্লাল ও নুরুজ্জামান নামে দুই শিবিরকর্মীকে আটক করা হয়। পরে স্থানীয় মমতাজ বেকারির মালিক টিটো, কেফায়েতনগর গ্রামের বাদশা, আল-আমিসহ মোট ১১ জনকে আটক করা হয়।

ওই স্থান থেকে ১১টি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযান শেষ না হওয়া পর্যন্ত সব তথ্য আনুষ্ঠানিকভাবে দেওয়া সম্ভব নয় বলেও জানান ওসি ইলিয়াস।

যশোর পুলিশ সুপার আনিসুর রহমান অগ্রদৃষ্টিকে জানান, বসুন্দিয়া শিবির অফিসের মাটির নিচে গোপন ঘর নির্মাণের সময় বোমাসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষে রাতে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

No comments:

Post a Comment