Tuesday, March 1, 2016

দুই সিটি করপোরেশনের আয়তন বাড়ছে

জাকির সিকদারঃ ঢাকার দুই সিটি করপোরেশনে নাগরিক সুবিধা নিয়ে অন্তহীন অভিযোগ থাকলেও রাজধানীর আশপাশের আরো ১৬টি ইউনিয়নকে সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত করা হচ্ছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় আটটি এবং দক্ষিণে আটটি ইউনিয়ন পরিষদ যুক্ত হবে।ঢাকা সিটি করপোরেশন বিদ্যমান আয়তন ৩৬০ বর্গ কিলোমিটার। ভোটার ৩৭ লাখ ৫৫ হাজার ৬শ ৯০ জন। ২০১১ সালে ঢাকা সিটি করপোরেশন দুই ভাগ করা হয়। ৩৬টি ওয়ার্ড নিয়ে ঢাকা উত্তর ও ৫৭টি ওয়ার্ড নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন হয়। ১৬টি ইউনিয়ন যোগ হওয়ায় আয়তনের সঙ্গে ভোটারের সংখ্যা বাড়বে।
এ সংক্রান্ত একটি প্রস্তাব চূড়ান্ত করে তা প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদনের জন্য পাঠানোর প্রক্রিয়া শেষ করেছে স্থানীয় সরকার বিভাগ। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক বলেন, যেসব এলাকা নতুন করে দুটি সিটি করপোরেশনে নেয়া হচ্ছে সেগুলোর ৭৫ ভাগ লোক অ-কৃষিজীবী। এসব এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প-কারখানা রয়েছে। এলাকার মানুষও দীর্ঘদিন ধরে সিটি করপোরেশনের আওতায় আসতে চান। দীর্ঘদিন পরে হলেও তাদের দাবির প্রতিফলন ঘটতে যাচ্ছে।
সরকারের এ উদ্যোগকে সমর্থন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মো. সাঈদ খোকন বলেন, সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হওয়ার পর ওই এলাকার নাগরিক সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এলাকার সার্বিক উন্নয়ন হবে বৃহৎ পরিকল্পনার মাধ্যমে।
জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মধ্যে ঢাকা জেলার যেসব ইউনিয়ন আসবে তার মধ্যে রয়েছে- বেরাইদ, বাড্ডা, ভাটারা, সাতারাকুল, হরিরামপুর, উত্তরখান, দক্ষিণখান ও ডুমনী ইউনিয়নের সকল মৌজা। এছাড়া চাকুলী, চকদিগুন ও শৈলপুর মৌজার ক্যান্টনমেন্ট বোর্ড অধিকৃত ভূমি এবং ইতিপূর্বে ঢাকা উত্তর সিটি করপোরেশনের এলাকা ছাড়া এসব মৌজার বাকি জমিও সিটি করপোরেশনের আওতায় আসবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মধ্যে যেসব ইউনিয়ন থাকবে সেগুলো হচ্ছে শ্যামপুর, মাতুয়াইল, ডেমরা, দনিয়া, সারুলিয়া, দক্ষিণগাঁও, নাসিরাবাদ ও মান্ডা ইউনিয়নের সকল মৌজা।
১৯৭৮ সালে ঢাকা সিটি করপোরেশন গঠিত হলেও এর আশপাশে থাকা ১৬টি ইউনিয়ন ডিসিসি কিংবা কোনো উপজেলার আওতায় না আনায় রয়ে যায় তেজগাঁও সার্কেলের অধীনে। অবশেষে এই ইউনিয়নের জনগণের চাহিদার পরিপ্রেক্ষিতে সিটি করপোরেশনের আওতায় আনা হচ্ছে।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ এর ৪ ধারায় সিটি করপোরেশন এলাকা সম্প্রসারণের বিধান রয়েছে।

No comments:

Post a Comment