Tuesday, March 1, 2016

দীর্ঘ ৪৩ বৎসরের আশা চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন পরিষদ ভবন অবশেষে নির্মাণ

জগলুল হুদা, রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নে দীর্ঘ ৪৩ বছরের চাওয়া ইউনিয়ন পরিষদ ভবন অবশেষে নির্মাণ হয়েছে। ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ হওয়ায় ইউনিয়নের সার্বিক কার্যক্রমে গতি সঞ্চার হয়েছে। দীর্ঘদিন যাবৎ ইউনিয়ন পরিষদ ভবন না থাকায় ইউনিয়ন পরিষদ কার্যক্রমে ব্যাপক সমস্যার সম্মুখিন হতে হয়েছিল। ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম গতি ফিরিয়ে আনতে গত বছর পরিষদ নির্মাণের প্রকল্প গৃহিত হয়। এ বছরের শুরুতেই ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণে টেন্ডার আহবান করা হয়। টেন্ডারে ভবন নির্মাণে টিকাদার হিসেবে কৌশিক এন্টারপ্রাইজ কাজ পায়। গত ফেব্রুয়ারি মাসে ভবন নির্মাণ কাজ সম্পূর্ণরূপে সমাপ্ত হয়। ভবনের নির্মাণের কারণে স্থানীয় জনগণ তথ্য সেবা থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের যাবতীয় সুযোগ সুবিধা প্রাপ্তি পূর্বের চেয়ে সহজ হয়েছে। ভ্রাম্যমান কোন প্রতিষ্ঠান থেকে নয় একটি নির্দিষ্ট ইউনিয়ন ভবন থেকেই সব সুবিধা পাবে জনগণ।
গত ১৩ ফেব্রুয়ারি ড.হাছান মাহমুদ এমপি প্রধান অতিথি হয়ে ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা থাকলেও এর আগে ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদ ভবনের তফসিল ঘোষণার কারণে নির্মিত ইউপি ভবনটি আনুষ্ঠানিক উদ্বোধন সম্ভব হয়নি।
কৌশিক এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী কামরুল ইসলাম জানান, এলজিইডি থেকে বরাদ্দকৃত ৮১ লক্ষ্য টাকা ব্যয়ে এই ভবন নির্মাণ হয়েছে। ভবনটির সম্পূর্ণ নির্মাণ কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। এখন থেকে ইউনিয়ন পরিষদ ভবনটি থেকে সার্বিক সেবা দেওয়া যাবে।
ইউনিয়নের কদমতলী এলাকার আবু তাহের জানান, এতদ অঞ্চলের মানুষের ৩ যুগেরও বেশি দিনের আশা ছিল এই ইউনিয়ন পরিষদ ভবন। এটি নির্মাণ হওয়ায় ইউনিয়নবাসী খুবই উপকৃত হবে।
চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিছ আজগর জানান, দীর্ঘ ৩ যুগেরও বেশি সময় ধরে ইউনিয়ন পরিষদের ভবন ছিল না। ভবন না থাকায় বিভিন্নমুখি সমস্যায় পড়তে হতো। সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির প্রত্যক্ষ সহযোগীতায় ভবন নির্মাণের প্রকল্প অনুমোদন থেকে শুরু করে সকল কার্যক্রম সম্পন্ন হয়। অবশেষে চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নে ভবন নির্মাণের কার্যক্রম শেষ হয়েছে। ইউনিয়ন পরিষদ ভবন হওয়ায় চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের সার্বিক কার্যক্রমে গতির সঞ্চার এসেছে।

No comments:

Post a Comment